জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান-010252-NewsEdge24

জাপানের মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও মজবুত করার ওপর জোর দেন তিনি। মাসুমি কাকিনোকিও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ ও জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশা প্রকাশ করেন।

সোমবার জাপানের স্থানীয় সময় বিকাল পৌনে চারটায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি হিসেবে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্প খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এসব খাতে বড় সুযোগ রয়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্কার, অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণ এবং অংশীদারত্ব জোরদারের মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য সুযোগ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে জাপান

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। সেখানে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *