জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দেশে ফিরলে তাকে কোনো মবের মুখোমুখি হতে হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরেবেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তা–ই হবে।
শেখ হাসিনার দেশে ফিরলে কী হতে পারে, সে বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, উনি (শেখ হাসিনা) দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন। উনি কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এরশাদের উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসভাসহ দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। তাই এ নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এ রকম কোনো রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিসিয়ালি হয় নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































