স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল-newsedge24

হাম রোগ প্রতিরোধে আগামীকাল রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ১৮ জেলার ৩০ উপজেলাকে আমরা এ কর্মসূচির আওতায় আনছি। কারণ সেসব এলাকায় সংক্রমণ বেশি।”

উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত পাবনা সদরে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী গাজীপুরে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি স্পটগুলোতে সিভিল সার্জন স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কার্যক্রম শুরু করবেন।

যেসব উপজেলায় টিকা দেওয়া হবে

  • বরগুনা: পৌরসভা-সদর
  • পাবনা: পৌরসভা-সদর-ঈশ্বরদী-আটঘরিয়া-বেড়া
  • চাঁদপুর: পৌরসভা-সদর-হাইমচর
  • কক্সবাজার: মহেশখালী-রামু
  • গাজীপুর: সদর
  • চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা-সদর-শিবগঞ্জ-ভোলাহাট
  • নেত্রকোনা: আটপাড়া
  • ময়মনসিংহ: সদর-ত্রিশাল-তারাকান্দা
  • রাজশাহী: গোদাগাড়ি
  • বরিশাল: মেহেন্দিগঞ্জ-বাকেরগঞ্জ
  • নওগাঁ: পোরশা
  • যশোর: পৌরসভা-সদর
  • নাটোর: পৌরসভা-সদর
  • মুন্সীগঞ্জ: পৌরসভা-সদর-লৌহজং-শ্রীনগর
  • মাদারীপুর: পৌরসভা-সদর
  • ঢাকা: নবাবগঞ্জ
  • ঝালকাঠি: নলছিটি
  • শরীয়তপুর: জাজিরা

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্ত হওয়া বেশিরভাগ শিশু ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে ৬ মাস থেকে ৫৯ মাসের শিশু। আগে টিকা পাক বা না পাক, তাদের সবাই টিকা পাবে।

বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক, তাদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, “আমরা করোনার মতো সংক্রমণ জয় করতে পেরেছি। তাই হাম নিয়ে আতঙ্কিত হবেন না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই জরুরি টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *