জামায়াত আমির-শফিকুর রহমান-newsedge4

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান দেখালে সরকার সম্মানিত হবে। আমাদের মূল দাবি হচ্ছে, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

সাত দফা দাবিতে শনিবার ১১ দল আয়োজিত লংমার্চের পথসভায় মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় হবে। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।

জনগণের রায়কে অগ্রাহ্য করলে সরকারকে শুধু অপমানিতই হতে হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি আদায়ে এগারো দলের এটি তৃতীয় লংমার্চ। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে দলগুলো।

আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ছয় জন নিহত

সংক্ষিপ্ত পথসভা শেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চ খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *