সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় বিক্ষোভের মধ্যে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষ ও উত্তেজনার জেরে শিল্পাঞ্চলের একাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।
বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। এছাড়া সংঘর্ষের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে: জামায়াত আমীর
অন্যদিকে আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্র জানায়, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানের কারণে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করছে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































