প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার (৬ জুন, ২০২৫) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, “এই মাত্র উনি (ড. ইউনূস) বক্তব্য দিয়েছেন। আমরা এখনো মিটিংয়ের সুযোগ পাইনি। বৈঠক করে সিদ্ধান্ত নেব, তারপর আপনাদের জানানো হবে।”
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের প্রস্তুতি ও বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।
বিএনপির পক্ষ থেকে এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সময় নেওয়া হচ্ছে। দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর নির্বাচনের সময়সূচি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































