যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ এবং পথে গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সেতুর ঢাকাগামী লেন কয়েক দফায় বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিকের তুলনায় তিন গুণের বেশি যানবাহন চলাচল করছে। এ ছাড়া, যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৫ থেকে ৩০টি গাড়ি বিকল হয়ে যায়, যা যানজটকে আরও তীব্র করে।
সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, ভোরে সিরাজগঞ্জের দিকে যানবাহন টানতে না পারায় যানজট সেতুর ওপর থেকে পূর্ব প্রান্তের টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়। যানজট কমাতে দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা এবং সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরবঙ্গের দিকে যানবাহন পার করা হয়।
শুক্রবার সকাল ৯টায় টাঙ্গাইল শহর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বগুড়াগামী ট্রাকের আরোহী এক যাত্রি জানান, তিনি ভোর ৪টায় গাজীপুরের চন্দ্রা থেকে রওনা হয়েছিলেন। পথে মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকা, পাকুল্যাসহ বিভিন্ন স্থানে যানজটে পড়তে হয়। টাঙ্গাইল শহর বাইপাসে এসে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। এলেঙ্গা পর্যন্ত এক ঘণ্টার পথ পার হতে তার পাঁচ ঘণ্টা লেগেছে।
যমুনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৪,২৮৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে, যার মাধ্যমে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































