চীন সফর সফল হয়েছে- জানালেন মির্জা ফখরুল-newsedge4

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে তাদের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। শুক্রবার (২৭ জুন, ২০২৫) রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে চীনের গুয়াংজু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তারা।

মির্জা ফখরুল বলেন, “এটি ছিল একটি রাজনৈতিক সফর। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর ফলে দুই দলের মধ্যে সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে।” তিনি জানান, সিপিসি নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপিও সিপিসি নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে, যা তারা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে রাজনৈতিক সংলাপের জন্য বিএনপি ও সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছে। ফখরুল বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের নেতৃত্বে চীন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গত ২২ জুন রাতে মির্জা ফখরুলের নেতৃত্বে নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের বিএনপি প্রতিনিধি দল চীন সফরে যায়। দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *