আসিফ নজরুল-শফিকুল আলম-newsedge24

অন্তর্বর্তী সরকার ভুয়া মামলা দায়ের এবং নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়ানোর প্রচেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধান সংযোজন করেছে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রবিবার (২৯ জুন, ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল বলেন, “অ্যাডভাইজার কাউন্সিলের আজকের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধনী একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভুয়া মামলা এবং নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়িয়ে মামলা বাণিজ্যের প্রচলন আমাদের জন্য বিব্রতকর। এই সমস্যা সমাধানে ক্রিমিনাল ল’ এক্সপার্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক)/১৭৩(অ) ধারায় নতুন বিধান যুক্ত করা হয়েছে।” তিনি জানান, এই বিধানে পুলিশ কমিশনার, এসপি, বা সমমর্যাদার কর্মকর্তারা তদন্তকারী অফিসারকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার-পূর্ব পর্যায়ে নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

এই সংশোধনীর লক্ষ্য হলো মামলা বাণিজ্য ও গ্রেফতার বাণিজ্য রোধ করা, যাতে নিরপরাধ ব্যক্তিরা ভুয়া মামলা থেকে মুক্তি পান। তিনি বলেন, “এই বিধান কার্যকর হলে পুলিশ ও আদালত একযোগে কাজ করে এই ধরনের অপরাধ দমন করতে পারবে, তবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।” আগামীকাল গেজেট প্রকাশের মাধ্যমে এই আইন কার্যকর হবে।

ড. আসিফ আরও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা (UNOHCHR) বাংলাদেশে একটি মিশন শাখা স্থাপনের জন্য আলোচনা করেছে, এবং এ বিষয়ে একটি খসড়া সমঝোতা স্মারক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটি চূড়ান্ত হলে তিন বছরের জন্য একটি অফিস স্থাপিত হবে, যা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতীয় এজেন্সিগুলোর পাশাপাশি ভূমিকা রাখবে।

কুমিল্লার মুরাদনগরে সাম্প্রতিক ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই জঘন্য ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রধান আসামি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করেছে।” তিনি জানান, ধর্ষণ বিষয়ক আইনে সময়োপযোগী সংশোধনী আনা হয়েছে, এবং মুরাদনগরের ঘটনায় দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *