প্রধান উপদেষ্টা ড. ইউনূস-newsedge24

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে এই ঐতিহাসিক চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”

ড. ইউনূস উল্লেখ করেন, “শুল্ক হার ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা ও বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।” তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জটিল আলোচনায় শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তার বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছে আলোচক দল। এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ রক্ষা করেছে।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা: বাংলাদেশের পণ্যের শুল্ক ২০%

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি প্রদর্শনই নয়, বরং দ্রুত প্রবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির নতুন দরজা উন্মোচন করে। এটি আমাদের জাতির দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের প্রমাণ।”

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক, অশুল্ক বাধা, নিরাপত্তা ও বাণিজ্য সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *