বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদল। শনিবার (২ আগস্ট) ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল ওপেন হার্ট সার্জারির পর তিনি বর্তমানে কার্ডিয়াক আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রবিবার দুপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ইউনাইটেড হাসপাতালে গিয়ে জামায়াত আমীরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তারা তারেক রহমানের সালাম জামায়াত আমীরের কাছে পৌঁছে দেন।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানান, ডা. শফিকুর রহমান অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে কার্ডিয়াক আইসিইউতে আছেন। চিকিৎসকরা সংক্রমণ এড়াতে তার সঙ্গে সরাসরি সাক্ষাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
আরও পড়ুন: ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সম্পন্ন
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন। ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































