পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) বেলা ১২টা থেকে শুরু হওয়া এই সমাবেশ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতা-কর্মীদের উপস্থিতি না থাকলেও বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশের জন্য জনভোগান্তির কারণে নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি নির্দেশ দিয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনতে।
ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশে ছাত্র-নেতাকর্মীদের কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়া হবে, যা বাস্তবায়নের দায়িত্ব তাদের ওপর থাকবে।
আরও পড়ুন: জনগণ শক্তিশালী হলে ফ্যাসিবাদ কায়েম সম্ভব নয়: তারেক রহমান
সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার শপথ, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, শিক্ষা খাতের সুরক্ষা এবং ছাত্রদের ভুল পথে যাওয়া রোধে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করবেন। এ ছাড়া, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার পুনরুদ্ধারের বিষয়েও বার্তা থাকবে।
সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































