প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আজ মাননীয় প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেছেন। একটি হলো জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের ঘোষণা। আমরা দুটি বিষয়কেই স্বাগত জানাই।”
তিনি জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া আমাদের প্রাণের দাবি। এটি সংবিধানে যথাযথভাবে স্থান পাবে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এই ঘোষণার জন্য সারা জাতি অপেক্ষায় ছিল। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে যাবে, এবং নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে।”
আরও পড়ুন: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, “আমরা আশা করছি, আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। কোনো অনিশ্চিত পরিবেশ থাকবে না। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতিশীলতা আসবে।”
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ঘোষণাকে সমর্থন করে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় শুরু হবে বলে তিনি আশাবাদী।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































