ডাকসু-নির্বাচনে-শিবিরের-পূর্ণাঙ্গ-প্যানেল-ঘোষণা-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হিসেবে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

প্যানেলে শিবিরের বাইরেও বিভিন্ন গ্রুপের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। এছাড়া, জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে রয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। প্যানেলে আরও ১৩ জন সদস্য পদের প্রার্থী রয়েছেন।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। অন্যদিকে, এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

প্যানেলে চাকমা সম্প্রদায়, প্রতিবন্ধী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীদেরও প্যানেলে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা আশা করি, প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *