সালাহউদ্দিন আহমেদ-bnp-newsedge24

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানবজমিনকে তিনি এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনী তফসিল ডিসেম্বর ২০২৫-এর প্রথমার্ধে ঘোষণা করা হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানাই। এটি বহুল প্রত্যাশিত, জনপ্রত্যাশিত এবং রাজনৈতিক দলের প্রত্যাশিত রোডম্যাপ। নির্বাচন নিয়ে কোনো রকম সংশয় বা শঙ্কা নেই। আমরা আশা করি, নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী সমস্ত আয়োজন সম্পন্ন করবে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “এখন মানুষ ও জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। দেশে নির্বাচনী পরিবেশ ও আমেজ বিরাজ করছে। সুতরাং নির্বাচনের বিপক্ষে কোনো বক্তব্য কোথাও ঠাঁই পাবে বলে আমার মনে হয় না।”

আরও পড়ুন: পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হবে। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে, এবং ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *