ওয়াহিদউদ্দিন মাহমুদ-newsedge24

সরকারি প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনতে সব টেন্ডার প্রক্রিয়া অনলাইনে পরিচালিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে। এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে এই পদক্ষেপের মাধ্যমে রেলখাত, জ্বালানি সহ বিভিন্ন খাতে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “কারো প্রভাব দেখে নয়, যোগ্যতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেই কাজ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে বা আগে অনিয়মে জড়িত হলে, সেই প্রতিষ্ঠানকে দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।”

প্রকল্প বাস্তবায়নের নানা স্তরে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার নীরব বিপ্লব ঘটিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি। ফলে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তারা কেউ আগ্রহ দেখাচ্ছেন না।”

এছাড়া, এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষিজমি অধিগ্রহণ করা হবে না। সরকারের বহু খাস জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সারা দেশে সরকারি খাস জমির পরিমাণ বের করবে এবং জমিগুলো দখল হয়েছে কি না তা যাচাই করে দুমাসের মধ্যে প্রতিবেদন দেবে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে সরকারের বৈঠক বসবে। এলডিসি উত্তোলন হলে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না। তাই ভালো প্রকল্পের জন্য শেষ সুযোগ হিসেবে যতটা সম্ভব সহজ শর্তে ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো

এদিকে, একনেকের সভায় ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ভিত্তিক ১৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *