বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেছেন, “এখন সময় বিএনপির।” তিনি জানান, বিএনপি অতীতে সফলতার ইতিহাস সৃষ্টি করেছে এবং দেশে স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে প্রস্তুত।
মির্জা ফখরুল ইসলাম লেখেন, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।”
‘বিএনপি কী দিচ্ছে?’ শিরোনামে তিনি দলের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন:
- সংবিধান সংস্কার: ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং জনগণের মতামতকে সম্মান করা।
- সুষ্ঠু নির্বাচন: প্রকৃত ফলাফল নিশ্চিত করা।
- জনগণের ক্ষমতায়ন: ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
- দুই মেয়াদের সীমাবদ্ধতা: আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
- এমপিদের কণ্ঠস্বর: ভোটের পাশাপাশি মতামতের অধিকার ফিরিয়ে দেওয়া।
- কাগুজে ব্যালট: নিরাপদ, সহজ ও সৎ নির্বাচনের জন্য কাগুজে ব্যালট ব্যবহার।
- প্রকৃত প্রশাসন: জনগণের জন্য কাজ করা সৎ ও কার্যকর প্রশাসন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































