সারা বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বৃহস্পতিবার সকালে গুলশান ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, “সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলেন। একেকজন একেক নামে ডাকেন, কিন্তু তিনি একই। হিন্দু হোক বা মুসলমান, তিনিই আমাদের সৃষ্টি করেছেন।” তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজ বিষাদের সময় হলেও আমরা আনন্দ-উচ্ছ্বাসে পূজা উদযাপন করেছি। আমি পূজার আনন্দে শরিক হতে এখানে এসেছি।”
সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দিয়ে তিনি বলেন, “ইসলাম ধর্মে বলা আছে, ‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন’—অর্থাৎ, যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথা মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কখনো নষ্ট করতে পারবে না। এটাই আমাদের বিশ্বাস।”
আরও পড়ুন: আ. লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































