বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোনো অপেক্ষা নয়, আর কোনো বিলম্ব নয়, নির্বাচনের পথে গাড়ি এখন পুরোদমে চলছে। এটিকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে হবে।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দাবি করছে বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। তাদের বলতে চাই, বিএনপি সংস্কারের পথপ্রদর্শক। জিয়াউর রহমানের সংস্কারের ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মিথ্যা প্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। বিএনপিকে দুর্বল করতে সব রকম ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ ধানের শীষে তাদের ভোট দেবে।’
ফখরুল বলেন, ‘কিছু মানুষ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত। আমরা ১৫ বছর ধরে এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জনগণের মনে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ শাসন করছে আমলারা। আমাদের একমাত্র দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন।’
সরকারের সম্পূর্ণ নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কিছু উপদেষ্টা নির্দিষ্ট কোনো দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠছে। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের অবশ্যই শতভাগ নিরপেক্ষ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘কিছু উপদেষ্টা কোনো দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন বলে শোনা যাচ্ছে। জনগণ এ ধরনের কোনো পক্ষপাত মেনে নেবে না।’
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত বরাবরই বাংলাদেশের মানুষকে সমস্যায় ফেলার চেষ্টা করেছে। সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং নির্বাচনে হস্তক্ষেপ এর স্পষ্ট উদাহরণ। আমরা তাদের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































