মন্ত্রণালয়-newsedge24

ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনের তথ্য প্রকাশ করা হলেও, এটি গত রোববার জারি করা হয়। প্রজ্ঞাপনে ‘দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪’-এর ধারা ৩(বি) এবং বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারা অনুসারে বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে ভবনটি কোন নির্দিষ্ট উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহার করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। এই ঘোষণা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতের জন্য নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এর আগে শনিবার সেনা সদর দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এদের মধ্যে মেজর জেনারেল কবীর আহম্মদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: চার্জশিটে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর

ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, সেনাবাহিনী আইনের আওতায় সহযোগিতা করছে এবং অভিযুক্তদের তালিকা প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *