মির্জা ফখরুল ইসলাম আলমগীর-newsedge24

ক্ষমতায় গেলে বিএনপি পদ্মা-তিস্তার পানি বণ্টন, ফারাক্কা বাঁধ এবং সীমান্তে হত্যা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই।”

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে—এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তার পানি বণ্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সে হিসেবে আরও বেশি করে বাংলাদেংলাদেশকে সহযোগিতা করা দরকার।” তিনি ভারতের প্রতি সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা—এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে।”

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যাতে রাজনীতিতে ফায়দা নিতে পারে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।”

আরও পড়ুন: ভারতকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ার অনুরোধ

প্রসঙ্গত, ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *