ভূমিকম্পে সারাদেশে নিহত অন্তত ৬, আহত ২ শতাধিক-newsedge4

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন, যার ফলে ভবন ধস এবং আহতের ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হন। বংশাল থানার এসআই আশীষ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, “কসাইটুলিতে তিনজন মারা গেছেন। তারা পথচারী। এখনো তাদের পরিচয় জানা যায়নি।” স্থানীয়রা জানান, নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত হয়ে উদ্ধারকাজ করে। এছাড়া বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার লোহার গেট এলাকায় কয়েকটি ভবন হেলে পড়া এবং পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল ধরার খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে ফাতেমা (১০ মাস) নামের এক শিশু নিহত হয়। এ সময় তার মা কুলসুম বেগম (৩০) সহ আরও দুজন আহত হন।

নরসিংদী: নরসিংদীর গাবতলীতে দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হয়। পলাশে মাটির দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হন। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে ১০ জন আহত হয়েছেন।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আতঙ্কে বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডেনিমেক পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন ভর্তি আছেন এবং ২০ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা সিভিল সার্জন মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের চিকিত্সা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলগুলো দ্রুত সাড়া দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *