নির্বাচনের আগে তড়িঘড়ি করে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাস করার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে, সরকার এই দুটি আইন দ্রুত পাস করাতে চাইছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে।
মির্জা ফখরুল আরও বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না। আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।” তিনি সরকারকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































