খুলনা আদালত চত্বরে-newsedge24

খুলনা মহানগর দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও চাপাতির আঘাতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজন শেখ (২৮), রূপসার বাগমারা দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে এবং হাসিব হাওলাদার (২৯), নতুনবাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুজন আসামি মামলার হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় ৪-৫ জনের একদল দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসিব ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলায় হাজিরা দিতেই আদালতে এসেছিলেন হাসিব। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা বা আধিপত্যের দ্বন্দ্ব থাকতে পারে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *