বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান-টাইম ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ যদি দেশে আসতে চান, পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে আমরা ওয়ান-টাইম ট্রাভেল পাস দিই। এটা দিতে মাত্র একদিন লাগে। তারেক রহমান যদি আজ বলেন উনি আসবেন, তাহলে আগামীকালই পাস দিয়ে দেওয়া যাবে, পরশু চলে আসতে পারবেন।”
তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, “সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।”
আরও পড়ুন: মায়ের গুরুতর অসুস্থতায় তারেক রহমানের আবেগঘন বার্তা
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তৌহিদ হোসেন বলেন, “কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো সিদ্ধান্ত বা তথ্য আমার জানা নেই।”
তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। গত বছরের গণ-অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































