দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে সরকার সহিংসতাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়ে বলেছে, এসব কর্মকাণ্ড কোনোভাবেই গণতান্ত্রিক রূপান্তরের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না।”
অন্তর্বর্তী সরকার আসন্ন নির্বাচন ও গণভোটকে একটি গুরুতর জাতীয় অঙ্গীকার হিসেবে উল্লেখ করে বলেছে, “এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।”
বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে বলা হয়েছে, “আপনাদের ওপর যে সন্ত্রাস ও সহিংসতা হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।”
ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, “নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
আরও পড়ুন: ভারতের নির্বাচনী নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
শেষে প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































