ইসি সচিব-আখতার আহমেদ-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে নিজ উদ্যোগে ও অনানুষ্ঠানিকভাবে তারা নির্বাচনের সার্বিক খোঁজ-খবর রাখবে এবং ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজেদের মতো করে পর্যবেক্ষণ করবে।

আজ সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন উপলক্ষে তাদের কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল আসবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন একটা দল আসবে এবং মার্কিন দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে, নিজেদের মতো করে তারা নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। তবে এটা আনুষ্ঠানিক কোনো পরিদর্শন নয়। তারা এমনিতেই দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী। এ বিষয়ে আমাদের তাদের ইচ্ছাটা জানিয়েছেন এবং নির্বাচন কমিশন সাদরে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।”

বৈঠকে আলোচিত বিষয়সমূহ:

  • নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে পোস্টাল ব্যালটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইসি পোস্টাল ব্যালটের নমুনা দেখিয়েছে এবং প্রস্তুতির বিবরণ দিয়েছে। মার্কিন প্রতিনিধিরা এটিকে জটিল ও কষ্টসাধ্য বললেও নির্বাচন কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
  • কোড অব কন্ডাক্ট, ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সেলের কার্যক্রম নিয়ে জানতে চেয়েছেন তারা। ইসি জানিয়েছে যে এসব কমিটি ও সেলের মাধ্যমে অভিযোগ সমন্বয় করা হচ্ছে।
  • আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় জানানো হয়েছে যে প্রায় সাড়ে নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্তরে কাজ করবেন। এ তথ্য শুনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
  • মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং একটি সফল নির্বাচন আয়োজনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিব আখতার আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: ব্রেন্ট ক্রিস্টেনসেন

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *