৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকা দখলের চেষ্টা চালিয়েছেন। এরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল সহকারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেন।
বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনা অভিমুখী সড়কে সংঘর্ষ অব্যাহত থাকে। থেমে থেমে চলা এ সংঘর্ষের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
আন্দোলনকারীরা দাবি করছেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ৯ম পে-স্কেলের গেজেট এখনও প্রকাশ না হওয়ায় তারা চরম হতাশ। তারা দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারা জারির ফলে ওই এলাকায় চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে জানা গেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































