প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ আবেদন জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পল্টন থানার একটি মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করে ডিবি।
দুজনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউশন এখন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। আদালত এ বিষয়ে শুনানির পর সিদ্ধান্ত নেবেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































