তথ্যমন্ত্রী-জহির উদ্দিন স্বপন-newsedge4

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তিনি বলেন, ‘কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।’

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পহেলা বৈশাখ উপলক্ষে সাংবাদিক সমাজ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত এ সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে।”

তিনি জানান, মোগল সম্রাটদের সময় থেকে কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয় থেকে বাংলা সনের প্রবর্তন হয়েছিল। সেই ঐতিহ্যকে ধারণ করে সরকার এবার পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “পঙ্গু অর্থনীতিকে পুনর্গঠন করে নিজ পায়ে দাঁড় করানোই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই আমাদের স্লোগান— ‘সবার আগে বাংলাদেশ’।”

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনকে গণতন্ত্র চর্চার স্বাভাবিক পরিবেশের প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই নতুন সংস্কৃতি ও পরিবেশকে দেশের সমৃদ্ধির জন্য অব্যাহত রাখতে চাই।”

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ডিআরইউ আয়োজিত ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *