ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, গত দুই দিনে ৫৮ জন তালিকাভুক্ত ও তালিকার বাইরে আরও ৯৪ জনসহ মোট ১৫২ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে। রাজনৈতিক পরিচয় যার যাই হোক না কেন, কোনো চাঁদাবাজ-অপরাধীকে ছাড় দেওয়া হবে না। রোববার সকালে রাজধানীর মিন্টু রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও মাদকের নেপথ্যে মূল হোতা, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। গত ১ মে থেকে এই চার শ্রেণির অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য একটাই— অপরাধ চক্রের মূল উৎপাটন করে নাগরিক জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরও নিরাপদ নগরীতে পরিণত করা।”

আরও পড়ুন: দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরওয়ার বলেন, চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লক রেড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। সন্দেহভাজনদের তাৎক্ষণিক যাচাই-বাছাই করে স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। বড় অপরাধীদের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হচ্ছে।

ডিবি, সিসিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *