জনগণকে ভূমিসেবা পেতে আর হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমিসেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না।’
আজ মঙ্গলবার তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করা হচ্ছে। ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে, যাতে নাগরিকরা সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান।
তিনি সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভূমিসেবা মেলা সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ।
তারেক রহমান বলেন, দেশের আদালতে ৪৭ লাখের বেশি মামলার বড় অংশ জমিজমা সংক্রান্ত। তাই গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। জমিকে শুধু সম্পদ নয়, বরং মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
তিনি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘জনগণকে সেবা দেওয়া করুণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।’
মেলায় যেসব সেবা মিলবে
ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে এই মেলায়। সারাদেশের জেলা-উপজেলায় একযোগে এ মেলা শুরু হয়েছে।
আরও পড়ুন: ২০২৬-২৭ অর্থবছরের ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও ভূমি সচিব এএসএম সালেহ উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “জনগণকে ভূমিসেবা পেতে আর হয়রানি নয়: প্রধানমন্ত্রী”