প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের প্রেসিডেন্টের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে। কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত করিডোর বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে।
শনিবার বিকেলে কক্সবাজার-এর একটি হোটেলে South Asian Academy for International Leadership-এর তিনদিনব্যাপী অ্যাকাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সম্ভাব্য এই অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে বর্তমান সরকার মিয়ানমার-এর সঙ্গে দ্বিপক্ষীয় এবং চীনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বহুপক্ষীয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের পথ আরও সুগম হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































