প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বৈঠকে উভয়েই আশা প্রকাশ করেন, দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে উভয়ে আবারও আশা প্রকাশ করেন, দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনগুলোতে আরও জোরদার ও সুসংহত হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































