স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-01099-NewsEdge24

সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, রাস্তায় এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।

রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টি বা উৎপাদন বন্ধের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রকৃত দাবির সঙ্গে সম্পর্ক নেই। কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।

দুষ্কৃতিকারীরা হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের অধিকাংশ প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। উভয় পক্ষই সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির ভিত্তিতে মজুরি নির্ধারণ বিবেচনা করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয় এমন বিষয় মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *