প্রধানমন্ত্রী তারেক রহমান-010304-NewsEdge24 copy

বাগেরহাটের মোংলায় আজ বৃহস্পতিবার সকালে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১১টা ১৫ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর অনুষ্ঠানস্থলের কাছে একটি গাছ লাগিয়ে প্রতীকী বৃক্ষরোপণ সম্পন্ন করেন তিনি। দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং প্রকল্পটির সফল বাস্তবায়ন কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় সংসদ সদস্যরা। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং দেশি-বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রকল্পের কাজ শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেবেন। এরপর হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজারে পৌঁছানোর কথা রয়েছে তার। জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *