আজ শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর জিয়া উদ্যানে যান। সেখানে দুই নেতার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এর পাশাপাশি একই দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, শোভাযাত্রায় তিনিই নেতৃত্ব দেবেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে শেষ হবে।
র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সকালের শ্রদ্ধা নিবেদন ও বিকেলের এই শোভাযাত্রার মাধ্যমে দলটি দিবসটি পালন করছে।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































