সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া কোম্পানিটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়েও নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করার পর কনসাল জেনারেলের দপ্তর থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































