জুলাই- আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান স্টলে যুদ্ধ বিমান, কৃষি, মৎস্য, বিদ্যুৎ, এমনকি সৌর বিদ্যুতের আধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় যেভাবে উপস্থাপন করছে, এ বিজ্ঞানীরাই একসময় বড় বিজ্ঞানীরূপে নিজেদের সক্ষমতার প্রমাণ দিবে।
উপদেষ্টা আরও বলেছেন, ইতোপূর্বে শিক্ষা খাতে দুর্নীতি ও রাজনীতি মিশে যাওয়ার ফলে প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার তরুণ প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত আন্তরিক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, এ সরকারের প্রয়োজনীয় সময়টাকে কেউ যদি বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়। প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বুঝা যাবে।
ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভাল সরকার গঠিত হতে পারে, সেই পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































