পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা দিল্লির কাছে একটি চিঠি পাঠিয়েছি। প্রয়োজনে এ বিষয়ে আবারও উদ্যোগ নেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ‘অনুশোচনা’ শব্দটিকে ‘লোডেড টার্ম’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘কে কতটুকু অনুতপ্ত, তা আমি জানি না। তবে আমরা বিষয়টিকে এভাবেই দেখছি যে, প্রয়োজনে এটি নিয়ে আবারও পদক্ষেপ নেওয়া হবে।’ গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়, যেখানে প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত ছিল। ভারত সরকার তা গ্রহণের বিষয়টি স্বীকার করেছে।
আরও পড়ুন: আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
পানি বণ্টন ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি এবং আগামী বছর মেয়াদোত্তীর্ণ হতে চলা ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, ‘এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য এবং আমরা সেই পথেই এগোচ্ছি।’
সম্প্রতি ঢাকা, বেইজিং ও ইসলামাবাদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠককে গণমাধ্যমে সার্কের বিকল্প জোট হিসেবে প্রচার করা হলেও তৌহিদ হোসেন এটি নাকচ করে দেন। তিনি বলেন, ‘এই ব্যাখ্যা মোটেও সঠিক নয়। বৈঠকটি কখনোই সার্কের বিকল্প ছিল না। এটি ছিল সহযোগিতার কিছু ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ বৈঠক।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































