সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে- রুহুল কবির রিজভী-newsedge24

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি জানান, বিএনপি কখনো সংস্কারবিরোধী কথা বলেনি। বিএনপির ৩১ দফার অনেক বিষয় জুলাই সনদে প্রতিফলিত হয়েছে, তবে এটিকে মূলনীতির মধ্যে নেওয়ার প্রয়োজন নেই।

রিজভী বলেন, সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। গণতন্ত্র, রাষ্ট্র ও জনগণের স্বার্থে যখন যে সংস্কার প্রয়োজন হবে, তখন তা আইনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে সংস্কারকে মূলনীতির মধ্যে নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে মানবিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য লড়াই করছে, যার মূলে রয়েছে প্রকৃত গণতন্ত্র। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়াই তাদের লক্ষ্য, এবং এটি আটকে রাখা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়ার শামিল।

তিনি দেশের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। এ অবস্থায় মানুষ যদি খাদ্য কিনতে না পারে, তবে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ কাউকে ছাড়বে না, এবং এর সুযোগ নেবে ফ্যাসিস্ট শক্তি।

রিজভী আরও বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনসমর্থিত, কারণ আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন করছে। তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করেন, তবে সতর্ক করে বলেন, দুর্ভিক্ষের আলামত দেখা গেলে জনগণ তা মেনে নেবে না।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, মহাসচিব ড. এমতাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *