পুলিশ সংস্কার-newsedge4

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গত ২২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা প্রদান করেছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে ৯টি বিষয়ে অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করেছে। এসব বিষয়ে পুলিশের সকল ইউনিটে লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া, দীর্ঘমেয়াদি সুপারিশগুলো বাস্তবায়নের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাতে গৃহ তল্লাশি নিয়ন্ত্রণ

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, রাতের বেলায় (সূর্যাস্ত থেকে সূর্যোদয়) গৃহ তল্লাশির সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকারের প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। মাঠ পুলিশ এই নির্দেশনা মেনে কাজ শুরু করেছে।

এফআইআর ও তদন্তে কঠোর তদারকি

থানায় মামলা রুজু (এফআইআর) গ্রহণ ও তদন্ত প্রক্রিয়ায় সার্কেল অফিসার বা পুলিশ সুপারের নিয়মিত তদারকি নিশ্চিত করার সুপারিশ বাস্তবায়নে নির্দেশনা জারি করা হয়েছে।

ভুয়া মামলায় শাস্তি

ভুয়া বা গায়েবি মামলায় অনিবাসী, মৃত বা নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের প্রমাণিত হলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নে মাঠ পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে।

মিডিয়ার সামনে অপরাধী উপস্থাপন নিষিদ্ধ

কমিশনের সুপারিশ অনুযায়ী, বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে মিডিয়ার সামনে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না। এই নির্দেশনা সকল পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন সংস্কার

চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যাচাইয়ের দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের। এটি পুলিশ ভেরিফিকেশনের অংশ হবে না। ডিএসবি ম্যানুয়াল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন এক মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা কার্যকর হয়েছে।

জিডি ও এফআইআর প্রক্রিয়ায় উন্নতি

মামলা দায়ের, রেকার বিল চার্জ ও জিডি গ্রহণে ঊর্ধ্বতন কর্মকর্তার মনিটরিং জোরদার করা হয়েছে। জিডি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যাখ্যান নিষিদ্ধ। সব থানায় পর্যায়ক্রমে অনলাইন জিডি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা সরাসরি না এসেও জিডি দায়ের করতে পারেন।

এফআইআর গ্রহণে বিলম্ব বা অনীহা নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন এফআইআর চালুর সম্ভাব্যতা যাচাই চলছে, এবং ফৌজদারি কার্যবিধিতে সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে বিএনপি’র নতুন প্রস্তাব

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, “পুলিশের অভ্যন্তরীণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *