সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, “খায়রুল হককে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রায় প্রদান এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান, যা ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসর গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষিত হয়। এই রায় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় এবং তাকে নিয়ে সমালোচনা হয়।
আরও পড়ুন: সরকার চাইলে পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা
হাইকোর্ট বিভাগে থাকাকালে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী মামলা, ঢাকার চার নদী রক্ষা এবং স্বাধীনতার ঘোষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দেন। ২০১৩ সালের ২৩ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং মেয়াদ শেষ হলেও কয়েক দফা পুনর্নিয়োগ পান। রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































