বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি-শোভাযাত্রা-newsedge24

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে একমত পোষণ করেছেন বলেও তিনি জানান। রোববার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন নির্বাচনের বিষয়ে নিশ্চয়তা দিতে। নির্বাচন সঠিক সময়ে হবে—এ ব্যাপারে কোনো ধরনের দ্বিধা নেই।” তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা এ বিষয়ে বিএনপির সঙ্গে একমত। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, গোটা দেশবাসী এ ব্যাপারে আশ্বস্ত।”

সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এটি একটি গর্হিত ও উদ্বেগজনক ঘটনা। এ বিষয়ে গভীর তদন্ত প্রয়োজন। আমাদের আশঙ্কা, নির্বাচনকে বিলম্বিত করতে একটি শক্তি এ ধরনের কাজ করছে। তবে এর কোনো সুযোগ নেই। নির্বাচন রোডম্যাপ অনুযায়ী হবে।”

জামায়াতে ইসলামীর অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এটি একেবারেই অমূলক। প্রধান উপদেষ্টার পূর্ণ অধিকার রয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার।” তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই।

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন। বিএনপি প্রতিনিধিদলে মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *