ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ না উঠলেও, ভুয়া পরিচয়পত্র বা পরিচয়পত্র ছাড়া ভোট দেয়ার চেষ্টার আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। বিশেষ করে দুপুরের পর এমন ঘটনা বাড়তে পারে বলে তাদের শঙ্কা। এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে এবং ইতোমধ্যে এমন দু’একটি ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দিতে আসা একজনকে বৈধ পরিচয়পত্র না থাকায় ফিরিয়ে দেওয়া হয়। ভোটগ্রহণ কর্মকর্তা তার দেখানো পরিচয়পত্র গ্রহণ করেননি। এছাড়া দুপুরে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তার কাছে কোনো পরিচয়পত্র না থাকায় নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন।
আরও পড়ুন: ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: ফারুকী
পরিচয় জানতে চাইলে ওই যুবক বলেন, “আমি একাত্তর হলে ৩১২ নম্বর রুমে থাকি। আমার কার্ডসহ সবকিছু ওখানে আছে।” তিনি আরও জানান, তিনি বাসায় গিয়েছিলেন এবং কার্ড সঙ্গে আনেননি। তিনি নিজেকে এমফিলের ছাত্র দাবি করলেও প্রক্টোরিয়াল টিম জানায়, এমফিলের কোনো ছাত্র হলে বৈধভাবে থাকার কথা নয়।
একপর্যায়ে সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে ওই যুবক বলেন, “ক্যামেরা রাখেন, কী দেখছেন এখানে।” প্রশাসন সতর্ক আছে, এ ধরনের ঘটনায় কঠোর নজরদারি রাখছে ।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































