ভাঙ্গা উপজেলা-newsedge24

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বিতীয় ধাপের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ এবং থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে। পুলিশের বাধার কারণে উত্তেজিত আন্দোলনকারীরা এই তান্ডব চালায়।

জানা গেছে, সকাল থেকে আন্দোলনকারীরা অবরোধে বাধা পাওয়ায় সকাল দশটা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এই খবর দুই ইউনিয়নে ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে জড়ো হন।

প্রথমে সকাল সাড়ে দশটায় ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বৈদ্যুতিক খুঁটি দিয়ে অবরোধ তৈরি করা হয়। এ সময় প্রায় এক ঘণ্টা পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নেয়। এরপর দুপুর বারোটার দিকে এক্সপ্রেসওয়েতে অবস্থানকারী আন্দোলনকারীরা লাঠিসোটা হাতে নিয়ে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে পুলিশকে ধাওয়া দেন। পুলিশ আত্মরক্ষায় ভাঙ্গা ঈদগাহ মারকাজ মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে আন্দোলনকারীরা হামলা চালায়।

সেখান থেকে একদল থানায় গিয়ে হামলা চালায় এবং আরেকদল উপজেলা পরিষদে হামলা করে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। প্রতিটি দপ্তরের কক্ষে ঢুকে আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

আরও পড়ুন: পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

উপজেলা নির্বাহী অফিসারের সিএ কামাল হোসেন জানান, আন্দোলনকারীরা উপজেলা পরিষদের মেইন কেচিগেটের তালা ভেঙে প্রথমে ইউএনওর অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। পরে একে একে সব দপ্তরের কক্ষে ঢুকে ভাঙচুর করে এবং জরুরি জিনিসপত্রসহ কম্পিউটার নিয়ে যায়। আমরা কোনোমতে পালিয়ে বেরিয়েছি। ইউএনও মহোদয় অক্ষত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *