খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এর ফলে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
অবরোধের কারণে ঢাকা থেকে আসা নৈশকোচগুলো বিভিন্ন স্থানে আটকে পড়েছে। বিশেষ করে সাজেকে ভ্রমণে আসা শতাধিক পর্যটক চরম বিপাকে পড়েছেন। অনেককে পায়ে হেঁটে শহরে প্রবেশ করতে দেখা গেছে। অবরোধকারীরা মহাজন পাড়া, খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের বলপিয়া আদাম এলাকাসহ বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। এমনকি গুইমারার দুর্গম এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এর আগে গত বুধবার একই দাবিতে জেলায় আধাবেলা সড়ক অবরোধ করা হয়েছিল। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
আরও পড়ুন: ঢাকায় আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৪৪
গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ শয়ন শীল (১৯) নামে এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































