কিছুদিনের_মধ্যে_নির্বাচনের_তারিখ-আসিফ_নজরুল-newsedge24

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউশন টিম আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার পদক্ষেপ নিয়েছে। বুধবার বরিশাল নগরীর শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রত্যাহারের সম্ভাবনা আমি দেখছি না। বরং আইসিসি’র প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি স্পষ্ট করেন, তাঁর পর্যবেক্ষণে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো লক্ষণ নেই।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” পার্বত্য অঞ্চলের অশান্তি প্রসঙ্গে তিনি জানান, “যারা পাহাড়কে অশান্ত করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

আইন উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার ৯-১০টি বড় ধরনের সংস্কার করেছে। “প্রথমবারের মতো বাংলাদেশে সিভিল ও ক্রিমিনাল কোর্টের কার্যাবলী আলাদা করা হয়েছে। লিগ্যাল এইড সার্ভিসের সম্প্রসারণ করা হয়েছে। সিআরপিসি ও সিপিসি সংশোধন করা হয়েছে। অনলাইন বেল বন্ডের ব্যবস্থা চালু করা হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের বিলম্ব প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

বিচার বিভাগে কর্মচারী নিয়োগে দুর্নীতি রোধে জেলা পর্যায়ে নিয়োগ বন্ধ করা হয়েছে, এখন বিচার প্রশাসনের মাধ্যমে নিয়োগ হবে। বিচারিক পথ সৃজনের দায়িত্ব এখন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির।”এই সংস্কারগুলোর মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *