তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর তুমুল সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
গত রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত সাড়ে ১২টা পর্যন্ত আশুলিয়ার খাগান বাজার এলাকায় চলতে থাকে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ফলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় রাজু জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে প্রায় ২০০ শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিটি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাওয়ার সময় থুথু ফেলেন, যা খাগান বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ওই দুই শিক্ষার্থীকে আটকে মারধর করেন। পরে ক্ষমা চেয়ে ফিরে গিয়ে সিটি ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের জানান। এরপর ২০-২৫ জন শিক্ষার্থী একত্র হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এই খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের প্রায় এক থেকে দেড় হাজার আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়, এবং কিছু আবাসিক শিক্ষার্থী হলগুলোতে আটকা পড়ে।
পুলিশ বারবার চেষ্টা করেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধার মুখে ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশৃঙ্খলা এড়াতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সঙ্গে আলোচনা চলছে। অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































