জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-newsedge24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না বলে সাফ জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি আসন না পেলেও দলের আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।”

তিনি আরও বলেন, “এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করবে। কোনো অপপ্রচারে কান দেবেন না। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে তা খোলামেলাভাবে আগেই জানিয়ে দেওয়া হবে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, “এবারও একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি ছিল, এবার তা ভিন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান থাকা উচিত ছিল, যা আমরা দেখতে পাচ্ছি না।”

প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, দুই দিনব্যাপী সাক্ষাৎকারের মাধ্যমে ১ হাজার ৪৮৪ জন প্রার্থী থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের বাছাই করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

অন্যান্য দলের সমালোচনা করে নাহিদ বলেন, “অন্য দলগুলো যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের মধ্যে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে যাদের দিত, এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগোতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে।”

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *